মারা যাওয়া ব্যক্তিরা হলেন– কুষ্টিয়ার বিআরবি গ্রুপের কিয়াম মেটালের ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস) মতিয়ার রহমান (৪৭) এবং শহরের আড়ুয়াপাড়া এলাকার ডিস ব্যবসায়ী ফেরদৌস (৫০)।
মতিয়ারের স্ত্রী সানজিদা আফরোজ জানান, গত কয়েকদিন থেকে মতিয়ার রহমানের জ্বর-ঠান্ডা ছিল। শনিবার তার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। পরে রবিবার রাত ৯টার দিকে জানানো হয়, তিনি করোনা আক্রান্ত হয়েছেন। পরে রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট উঠে বাসাতে তার মৃত্যু হয়। সোমবার সকালে তার গ্রামের বাড়ি মিরপুর উপজেলার কলাবাড়িয়া এলাকায় তাকে দাফন করা হয়।
ডা. নজমুল মনির জানান, গত ১৯ জুলাই করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর মতিয়ার রহমান হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।
প্রসঙ্গত, গত রবিবার পর্যন্ত কুষ্টিয়ায় এক হাজার ১৯৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৭২ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৫০ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন।