চার কনটেইনার পণ্য নিয়ে ভারতের ট্রানজিট পণ্যবাহী জাহাজ ‘এমভি সেঁজুতি’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-১ (এনসিটি) জেটিতে এসে পৌঁছায়।
বন্দর সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, প্রথম ট্রায়াল রানের অংশ হিসেবে ট্রানজিট পণ্যবাহী জাহাজ ‘এমভি সেঁজুতি’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চার কনটেইনার পণ্যের মধ্যে ২ কনটেইনার রড, বাকি ২ কনটেইনারে ডাল রয়েছে। চট্টগ্রাম বন্দর এবং বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে পণ্যগুলো ভারতের ত্রিপুরা এবং আসামে পাঠানো হবে। দুই কনটেইনার রড ত্রিপুরায় এবং ডাল নিয়ে বাকি দুই কনটেইনার আসামে যাবে।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) খিদিরপুরে শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের (পূর্বের নাম) কলকাতা পোর্ট ট্রাস্ট ৭ নম্বর গেট থেকে এমভি সেঁজুতি পশ্চিম ত্রিপুরা জেলার জন্য দুই টিইইউ’স টিএমটি ইস্পাত এবং দুই টিইইউ’স আসামের করিমগঞ্জের জন্য ডাল বোঝাই করা হয়েছে। এরপর জাহাজটি হলদিয়া যায়। সেখান থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
ট্রানজিট পণ্যবাহী জাহাজ 'এমভি সেঁজুতি'র স্থানীয় এজেন্ট ম্যাংগো শিপিং লাইন।
এ সম্পর্কে জানতে চাইলে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, কনটেইনারগুলো খালাসের লক্ষ্যে কাস্টমসসহ বিভিন্ন মাশুল পরিশোধের জন্য প্রক্রিয়া শুরু করেছি। খালাসের পর চারটি ট্রেইলরে (লরি) সড়কপথে কনটেইনারগুলো আখাউড়া হয়ে ত্রিপুরা ও আসাম পাঠিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ‘অ্যাগ্রিমেন্ট অন দ্য ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অব গুডস টু অ্যান্ড ফরম ইন্ডিয়া’ চুক্তি এবং উক্ত চুক্তির আওতায় প্রণীত এসওপি অনুযায়ী ট্রানজিট পণ্য আনা নেওয়া হবে।