সড়কের মাঝখানে ৬ ফুট গর্ত!

দেওয়ানগঞ্জ-রাজিবপুর সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে ৬ ফুট গর্ত। ফলে দু’পাশ থেকেই যান চলাচল বন্ধ হয়ে গেছে ওই এলাকায়।

জামালপুরের দেওয়ানগঞ্জ-রাজিবপুর গুরুত্বপূর্ণ সড়কটি দ্বিতীয় দফায় বন্যার পানির স্রোতে ভেঙে গেছে। এতে ওই সড়কে ৬ ফুট গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পোহাতে হচ্ছে পথচারীদের।

এলাকাবাসী জানায়, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা ৪টি ইউনিয়নসহ পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় হাজার হাজার যাতায়াতকারী প্রতিদিন এই সড়কে যাতায়াত করে থাকেন। এ বছর বন্যায় যমুনার পানি বেড়ে সড়কের ওপর দিয়ে স্রোত বয়ে যাওয়ায় গত পাঁচ দিন আগে সড়কটির ধসে যায়। ফলে ওই সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাতায়াতকারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এলাকায় গিয়ে দেখা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে কান্দির গ্রাম এলাকায় সড়ক ধসে ৬ ফুট গর্তের সৃষ্টি হয়েছে।  গর্তটি রাস্তার মাঝখানে এমনভাবে হয়েছে যে কোনোভাবেই চলাচলের উপায় নাই। গর্তের মধ্যে পানি। ধার দিয়ে পায়ে হাঁটতে গেলে যে কোনও মুহূর্তে গর্তে পড়ার সম্ভাবনা। এ কারণে দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরে ৪টি ইউনিয়ন এবং পাশের রাজিবপুর উপজেলায় হাজারও মানুষের একমাত্র সড়কের যাতায়াত বন্ধ হয়ে গেছে। গত ৫ দিন ধরে সড়ক ধসে ভোগান্তিতে পড়েছে এই সড়কে চলাচলকারী যাত্রীরা।

এ বিষয়ে বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল বলেন, কান্দির গ্রাম এলাকায় সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে উপজেলার ডাংধরা, চর আমখাওয়া, পাররামরামপুর, হাতিভাঙা ৪ টি ইউনিয়ন বাসী সহ রাজিবপুরবাসী চলাচল  করে থাকে। বর্তমানে সড়ক ধসের কারণে যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে রয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সাহেদ হোসেন জানান, যানবাহন চলাচলের জন্য সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করা হবে।