কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা

HILI CHILES PIC 1

সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। এক সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৫৫ থেকে ৬৫ টাকা বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৮০ টাকা দরে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মোস্তফা হোসেন এই তথ্য জানিয়েছেন।

তারা জানান, অতি বৃষ্টি ও বন্যার কারণে দেশে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়া ও বাজারে সরবরাহ কমায় এর দাম ঊর্ধ্বমুখী হয়। দেশে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে ভারত থেকে মরিচ আমদানি শুরু করেন বন্দরের আমদানিকারকরা। এতে করে দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম খানিকটা কমে গিয়েছিল। তবে লোকশান হওয়ায় কাঁচা মরিচ আমদানি কমিয়ে দেন আমদানিকারকরা। আগে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ ট্রাক (মিনি পিকআপ) কাঁচা মরিচ আমদানি হলেও বর্তমানে তা কমে ৫-৭ ট্রাক আমদানি হচ্ছে। এতে করে দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ খানিকটা কমার কারণে আগের তুলনায় কাঁচা মরিচের দাম বাড়তে শুরু করেছে।