দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নাজমুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নবাবগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহজাহান আলী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহজাহান আলী বাংলা ট্রিবিউনকে জানান, জ্বরসহ করোনা ভাইরাসের অন্যান্য উপসর্গ থাকায় দুদিন আগে গত ২৩ জুলাই বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ তার নমুনা পরীক্ষার রিপোর্ট এলে তাতে করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার নিজ বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বাংলা ট্রিবিউনকে জানান, গত পাঁচদিন থেকে শরীরে জ্বরসহ করোনার উপসর্গ দেখা দেয়। গত বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এরপর থেকেই তিনি অফিস করেননি, বাড়িতেই ছিলেন। আজ নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে আজকে জ্বর তেমন নেই, বর্তমানে অনেকটা সুস্থ রয়েছি।