তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বাংলাদেশের একটা বন্যার্ত মানুষও না খেয়ে থাকবে না। যতদিন বন্যার পানি থাকবে, যতদিন আপনাদের কষ্ট থাকবে, যতদিন আপনারা ঘরে ঘুমাতে না পারবেন ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের ত্রাণ দেবে। আওয়ামী লীগ সব সময় বানভাসি মানুষের পাশে আছে।
তিনি বলেন, বন্যায় যাদের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সকল সহযোগিতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবেন। সকল বিপদে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আপনাদের পাশে থাকবে। আমরা কথায় না কাজে বিশ্বাস করি।
শনিবার দিনব্যাপী জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
এসময় উপজেলার পিংনা ইউনিয়নের বালিয়ামেন্দা, ডাকাতিয়া মেন্দা, মিরকুটিয়া, নলসন্ধা, আওনা ইউনিয়নের কুলপাল, দৌলতপুর, পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া, বিন্নাফৌর, মানিকপটল গ্রামসহ বিভিন্ন স্থানে নৌকা যোগে বাড়ি বাড়ি গিয়ে প্রায় ১২শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।
এ সময় প্রতিটি প্যাকেটে ১০ কেজি করে চাউল, ১ কেজি ডাল, ১ কেজি মুড়ি, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, আধা কেজি গুড়, ১০টি করে খাবার স্যালাইন প্যাকেট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এম এ লতিফ, যুগ্ম সম্পাদক আব্দুল গণি, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিমসহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।