ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নগদ টাকা ও চেক ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মানিকগঞ্জমানিকগঞ্জ পৌর এলাকায় বাড়ি নির্মাণের সময় চাঁদা না দেওয়ায় এক গৃহবধূকে দেশীয় অস্ত্র দেখিয়ে নগদ ১০ হাজার টাকা ও ৪০ হাজার টাকার একটি চেক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হোসাইন খান সাকিবসহ ছয় জন ও অজ্ঞাত ১০-১২ জনের নামে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহবধূ দিলারা প্রিয়া।

ভুক্তভোগী গৃহবধূ জানান, শহরের পোড়রা এলাকায় তিনি তিনতলা বাড়ি করছেন। এ জন্য আসামি সাকিব, রুবেল, ইমরান, নিলয়, সাগর ও জুয়েলসহ আরও ১০/১২ জন এক লাখ টাকা চাঁদা দাবি করে। ১৩ জুলাই সন্ধ্যায় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে চাঁদার টাকা চায়। টাকা দিতে না চাইলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখায়। পরে তিনি ভীত হয়ে নগদ ১০ হাজার টাকা দেন। এসময় আসামিরা তাকে হুমকি দিয়ে উত্তরা ব্যাংকের একটি চেকে (নম্বর-০৪০৬১৪৯ মানিকগঞ্জ শাখা, হিসাব নম্বর- ০০১১১০০১২১৪৪৭) ৪০ হাজার টাকা লিখিয়ে স্বাক্ষর নিয়ে চলে যায়।

এ বিষয়ে জানতে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হোসাইন খান সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। ওই গৃহবধূ কারো প্ররোচণায় তার নামে থানায় মিথ্যা অভিযোগ করেছেন বলে দাবি করেন তিনি।

সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ওই গৃহবধূ শুক্রবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।