‘দুর্যোগ থাকলেও দেশে কোনও কিছুর ঘাটতি হবে না’

দিনাজপুরে দুঃস্থদের জন্য চেক বিতরণ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিমজাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার এই মহামারি ও দুর্যোগকালেও উন্নয়ন অব্যাহত রেখেছেন। দরিদ্র মানুষেরা যেন করোনা ও বন্যার কারণে অভাব বুজতে না পারে সেজন্য ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। শেখ হাসিনা অসহায় ও দরিদ্র মানুষের পাশে ছিলেন ও থাকবেন। দেশ যতদিন দুর্যোগে থাকবে ততদিন পর্যন্ত দেশে কোনও কিছুরই ঘাটতি হবে না।’

আজ বুধবার (২৯ জুলাই) সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদের হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ও সমাজসেবা অধিদফতর থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস প্রভৃতি রোগী ও দুঃস্থদের জন্য মঞ্জুরীকৃত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

হুইপ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করেন দুর্যোগের মধ্যেও দেশ ও দেশের মানুষদের রক্ষা করতে। আর ফখরুল-রিজভীরা টকশো করছেন, তারা মিডিয়াতে সীমাবদ্ধ রয়েছেন।’ তিনি বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে হলে সচেতন হতে হবে, সচেতনতার কোনও বিকল্প নেই।

এ সময় ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৩০ জন রোগীদের জন্য ৫০ হাজার করে ১৫ লাখ টাকা ও দুঃস্থ ৫৯ জনের মাঝে আর্থিক অনুদানের জন্য ১০ লাখ ৯৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল-এর উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।