ঝিনাই নদীর বাঁধ ভেঙে লক্ষাধিক মানুষ পানিবন্দি

বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানিটাঙ্গাইলে ঝিনাই নদীর নওগাঁও পয়েন্টে বাঁধ ভেঙে নতুন করে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছেন। বুধবার (২৯ জুলাই) ভোরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নওগাঁও এলাকায় নদীরক্ষা বাঁধটি ভেঙে যায়।

স্থানীয়রা জানান, বাঁধটি ভেঙে নতুন করে সদর, বাসাইল ও কালিহাতী উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ পানিবন্দি হয়েছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষ।  অনেকে গবাদিপশু নিয়ে স্থানীয় উঁচু প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয় নিয়েছেন।

ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বারেক বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের গাফলতিতে প্রায় দুইশ’ ফুট বাঁধটি ভেঙে গেছে। ধীরে ধীরে ভাঙনের পরিধিও বাড়ছে। অনেক মানুষ পানিবন্দি হয়েছে।’

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী বলেন, ‘ভাঙন এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বাঁধটির ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। ওই বাঁধে গত চার-পাঁচ দিন ধরে কাজ চলছিল। গতরাত ১১টা পর্যন্ত কাজ করা হয়েছে। পরে ভোরে বাঁধটি ভেঙে যায়।’ পানি শুকিয়ে গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।