বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর উদ্যোগে করোনায় আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন ব্যাংকের ৫০তম দিন পূর্ণ হয়েছে আজ সোমবার (১৭ আগস্ট)। এদিন সাধারণ মানুষের কল্যাণে সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত ৪টি অক্সিজেন কনসেনট্রেটরের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এই মেশিনগুলোর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসদ এর আহ্বায়ক ইমরান হাবিব রুমন। এ মেশিন বাতাস থেকে অক্সিজেন উৎপাদন করে তা সরবরাহ করায় রিফিলের প্রয়োজন হবে না।
এসময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সদস্য মো. রুবেল, বরিশাল গার্লস গাইডস এর প্রাক্তন কমিশনার ও বরিশাল ইসলামিয়া কলেজের সাবেক অধ্যাপিকা ফায়জুন্নাহার শেলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর শাখার দফতর সম্পাদক সাইফুল ইসলাম ও প্রচার সম্পাদক বিজন সিকদারসহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাসদ এর ফ্রি অক্সিজেন ব্যাংক থেকে ৫০তম দিন পর্যন্ত শতাধিক মুমূর্ষু করোনা আক্রান্ত রোগীকে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। দেশে-বিদেশের সর্বস্তরের মানুষের সহযোগিতায় বাসদের এই অক্সিজেন ব্যাংক ৫০তম দিন অতিক্রম করেছে। এ জন্য বক্তারা জনগণের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা জানান, বাসদের ফ্রি অক্সিজেন ব্যাংকের ৫০তম দিন উপলক্ষে আমেরিকা প্রবাসী চিকিৎসক ও গবেষক ডা. আনোয়ারুল হকের উদ্যোগে এবং আমেরিকা প্রবাসী চিকিৎসকদের সহযোগিতায় অক্সিজেন সরবরাহ করার সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত ৪টি অক্সিজেন কনসেনট্রেটর এসেছে। ফ্রি অক্সিজেন ব্যাংকে এসব কনসেনট্রেটর যুক্ত হয়েছে মুমূর্ষু করোনা রোগীদের সেবা দেওয়ার উদ্দেশ্যে। এই অক্সিজেন কনসেন্ট্রেটরগুলো বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করার ক্ষমতা রাখে। এই অক্সিজেন কনসেন্ট্রেটরগুলো রিফিল করার প্রয়োজন হবে না। ফলে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে এগুলো সার্বক্ষণিকভাবে ভূমিকা রাখতে পারবে।
ডা. আনোয়ারুল হকের বোন ফয়জুন নাহার শেলী বলেন, আমার ভাই আমেরিকার জর্জিয়া প্রবাসী। করোনাকালীন সময়ে তার বন্ধুদের নিয়ে এ ধরনের মেশিন সরবরাহ করার মাধ্যমে আক্রান্তদের সেবা প্রদান করছেন। তাই বর্তমান বৈশ্বিক করোনা সংক্রান্ত মহামারি ও বরিশালের অসহায় সাধারণ মানুষদের সেবা দেওয়ার জন্য ভাইয়ের প্রতি অক্সিজেন কনসেন্ট্রটর মেশিন পাঠানোর দাবি জানান তিনি। চিকিৎসক ভাই তার বন্ধুদের সহায়তায় আমেরিকা থেকে ৪টি মেশিন পাঠান। ওই মেশিন বরিশাল বাসদের অক্সিজেন ব্যাংকের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।