জামালপুরে মাদকসহ পাঁচ মামলার পলাতক একজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর সদস্যরা। শুক্রবার (২১ আগস্ট) বিকালে এক প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য জানান জামালপুর র্যাব-১৪।
প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র্যাব-১৪, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এবং স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ উপজেলার উত্তর ধাতুয়াকান্দা গ্রামের অভিযান চালায়। এসময় র্যাব সদস্যরা ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মামলার পলাতক আসামি মো. লিটন হোসেন (৩৮)০-কে একটি মোটর সাইকেলসহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আটক লিটন দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। সে বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর পূর্বপাড়া গ্রামের মৃত বাদশা আলীর ছেলে।