পারিবারিক কলহের জেরে এসিড নিক্ষেপ করে ঘুমন্ত এক পোশাক শ্রমিকের শরীর ঝলসে দিয়েছে তার স্বামী আব্দুল আলীম (৩০)। এই ঘটনায় পুলিশ আলীম গ্রেফতার করেছে। সে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরদুবালী গ্রামের মোকসেদ মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কোনবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কোনাবাড়ি থানার বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকার জনৈক আমিরের বাড়িতে স্ত্রী ডালিমা খাতুন (২৫) ও একমাত্র সন্তান আঁখি খাতুনকে (৪) নিয়ে ভাড়া থাকেন আব্দুল আলীম। এই দম্পতি স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। পারিবারিক নানা বিষয়াদি নিয়ে বেশকিছুদিন ধরে তাদের মাঝে কলহ চলে আসছিল। শুক্রবার রাতেও আলীম ও ডালিমার মাঝে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে মধ্যরাতে আলীম তার ঘুমন্ত স্ত্রীর শরীরে এসিড ছুড়ে মারে। এতে ডালিমার বাম কাঁধ ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থান দ্বগ্ধ হয়। স্থানীয়রা দ্বগ্ধ ডালিমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল আলীমকে আটক করে। ডালিমা ওই জেলার একই গ্রামের সালাম প্রমাণিকের মেয়ে।