রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার রাতে (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম।
তিনি বলেন, শনিবার বিকাল ৪টায় তিনি নমুনা দেন। রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক আজিজুল হক আজাদ জানান উনি করোনা পজিটিভ হয়েছেন। সেইসাথে তাকে ওষুধপত্র লিখে দিয়েছেন। বর্তমানে তিনি নগরীর কাজীহাটাস্থ বাসায় রয়েছেন এবং সুস্থ আছেন। তার কোনও উপসর্গ দেখা দেয়নি। এর আগেও সংসদে যাওয়ার আগে তিনবার করোনা পরীক্ষা করা হয়েছিল তার। তখন তার রিপোর্ট নেগেটিভ রিপোর্ট এসেছিল।
এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে শনিবার (২২ আগস্ট) ২২ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রামেক হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দিন তাদের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২২ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
রাজশাহীর নতুন ২২ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ২৯৯ জনে দাঁড়ালো। এদের মধ্যে ২ হাজার ৫৫ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৩৭ জন।