জেটিতে কাত হয়ে গেছে পানামার পতাকাবাহী জাহাজ!

জেটিতে মাল ওঠানোর সময় কাত হয়ে যাওয়ায় আজ বন্দর ছেড়ে যাওয়ার অনুমতি পায়নি পানামা`র পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ওইএল হিন্দ’। 
কনটেইনার লোড করার পর ভারসাম্য হারিয়ে পানামা'র পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ওইএল হিন্দ’ কাত হয়ে গেছে। চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটিতে এ ঘটনা ঘটে।

বন্দর সচিব ওমর ফারুক বিষয়টি  নিশ্চিত করেছেন। তবে কী কারণে জাহাজটি কাত হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলে তিনি জানান।

১৮৪ দশমিক ১০ মিটার লম্বা এবং সাড়ে ৮ মিটার ড্রাফটের জাহাজটি রফতানি পণ্য বোঝাই ও খালি কনটেইনার মিলে ৯৬৪ টিইইউ’স নিয়ে রবিবার (২৩ আগস্ট) বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।

পানামা`র পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ওইএল হিন্দ’ । জেটিতে মাল ওঠানোর সময় এটি কাত হয়ে যায়।

ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘ওইএল হিন্দ’ জাহাজটি কেন কাত হয়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। লোড করার সময় খালি ও ভরা কনটেইনার দিয়ে জাহাজের ভারসাম্য ঠিক রাখতে হয়। কনটেইনার লোড করার সময় হয়তো ভারসাম্য ঠিক রাখা হয়নি তাই জাহাজটি কাত হয়ে যায়। ৫০০ টন ওজনের ২০টি কনটেইনার নামিয়ে ভারসাম্য (জিএম>১ মিটার) ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কাত হয়ে যাওয়ায় জাহাজটিকে আজ বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়নি। ইন্ডিপেনডেন্ট সারভেয়ার দিয়ে জাহাজটি পরিদর্শনের পর সমুদ্রে চলাচলের উপযোগী এমন রিপোর্ট পেলে জাহাজটি বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হবে।