মাধবদীতে তৃতীয় ধাপে ব্রহ্মপুত্র তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদীতে ব্রহ্মপুত্র তীরে উচ্ছেদ

নরসিংদীর শিল্পশহর মাধবদীতে তৃতীয় ধাপে ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। রবিবার (২৩ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া। এসময় বাংলাদেশ সেনাবাহিনী, পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ-র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া জানান, স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ তীর দখল করে দোকানপাট, বাসাবাড়ি, শিল্পকারখানাসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করায় নদের গতিপথ ও আকার পাল্টে যায়। ব্রহ্মপুত্র নদ তীরের প্রায় পাঁচ কিলোমিটার অংশের মধ্যে ১৫৭ জন অবৈধ দখলদার মোট দুই শতাধিক অবৈধ স্থাপনা গড়ে তোলে। অব্যাহত দখল আর দূষণের কবলে পড়ে সরু খালে পরিণত হয় নদটি। এসব স্থাপনা সরিয়ে নিতে দফায় দফায় নির্দেশ দেয় প্রশাসন।

নরসিংদীতে ব্রহ্মপুত্র তীরে উচ্ছেদ

এতে অনেকে স্থাপনা না সরানোর কারণে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর থেকে মাধবদী এলাকার ব্রহ্মপুত্র নদ তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। ব্রহ্মপুত্র নদ রক্ষায় পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে রবিবার আবারও তৃতীয় ধাপে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদের নকশা অনুযায়ী বহুতল ভবনসহ সকল অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এসময় মাধবদী বাজারের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত ব্যাংকপট্টির পশ্চিম পাশে এবং নদের পূর্ব পাড়ের ৭০০ মিটার জায়গাজুড়ে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় অর্ধশত বহুতল ভবনের অংশবিশেষ ভেঙে ফেলা হয়।

নরসিংদীতে ব্রহ্মপুত্র তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন।

নকশা অনুযায়ী ব্রহ্মপুত্র নদের হারানো আকার ফিরিয়ে আনতে সকল অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে নির্দেশনা রয়েছে। নির্দেশনামতে যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেননি এসকল স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে। নদ রক্ষায় উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।