নগ্ন হয়ে নারীকে হুমকি দেওয়া কিশোর আটক

চট্টগ্রাম
চট্টগ্রামে এক নারীর সামনে নগ্ন হয়ে অশালীন অঙ্গভঙ্গি ও হুমকি দেওয়ার ঘটনায় বাবলু (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে ওই কিশোরকে নগরীর আগ্রাবাদ থেকে আটক করা হয়। নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক বাবলু (১৬) নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় টং ফকির শাহ মাজার লেনের একটি গলির বাসিন্দা। সে স্থানীয় দোকানি ছালেহ আহমেদের ছেলে। অন্যদিকে ভাইরাল হওয়া ছবিতে থাকা ওই নারী এক সন্তানের মা। তিনি একই এলাকায় শ্বশুরবাড়িতে থাকেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি ভাইরাল হয়। ওইসব ছবিতে দেখা যায়, একটি ভবনের নিচে এক নারী দাঁড়িয়ে আছেন। তার থেকে কয়েক হাত দূরে নগ্ন হয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করছে এক কিশোর। তার সামান্য পেছনে দুই নারীকেও দেখা যায়। ছবিগুলো আপলোড দিয়ে ফেসবুকে অনেকে ওই কিশোরের শাস্তি দাবি করেন। এসব স্ট্যাটাসে অভিযোগ করা হয়, ওই কিশোর ছবির নারীকে ধর্ষণের হুমকি দিচ্ছে। ওই কিশোরের পেছনে ছিল তার মা এবং ভাইয়ের স্ত্রী।

ভাইরাল হওয়া ছবিতবে পুলিশ বলছে এ ধরনের কোনও অভিযোগ তারা পায়নি। উপ-কমিশনার এস এম মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, একজন নারীর সামনে নগ্ন হওয়া ওই কিশোরকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করে আসলে ঘটনা জানার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হবে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাটি গত ১৯ আগস্ট চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় টং ফকির শাহ মাজার লেনের একটি গলিতে ঘটেছে। টং ফকির শাহ মাজার লেনের একটি অপ্রশস্ত গলিতে প্রায় মুখোমুখি দু’টি বাড়ি। এর একটি চারতলা, অন্যটি দোতলা। চারতলা বাড়ির মালিক আব্দুর রাজ্জাকের সঙ্গে স্থানীয় দোতলা বাড়ির মালিক ছালেহ আহমেদের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া ও মারামারি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। গত ১৯ আগস্ট দুই পরিবারের মধ্যে ঝগড়ার মধ্যেই ওই কিশোর অশালীন অঙ্গভঙ্গি করেন। ওই ঘটনারই ছবি পরে ভাইরাল হয়।