জকিগঞ্জ ও কানাইঘাটে দুই বিদ্রোহী প্রার্থীসহ আ.লীগ থেকে বহিষ্কার ৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী মেয়র প্রার্থীসহ তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  বহিষ্কৃতরা হচ্ছেন- জকিগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ ও কানাইঘাটে দলের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান। এছাড়া এই দুই প্রার্থীর বাইরে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামকেও বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

জকিগঞ্জে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী হিসাবে মুক্তিযোদ্ধা কমান্ডার খলিলুর রহমান এবং কানাইঘাটে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র লুৎফুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের দু’জনের বাইরে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফারুক আহমদ ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন আল মিজান প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন। এ অবস্থায় মঙ্গলবার তাদেরকে দল থেকে বহিষ্কার করা হলো।

/এফএস/