কুষ্টিয়ায় একজন গৃহবধূ হত্যা মামলায় মো. কলম মোল্লা (৩০) নামে প্রতিবেশী যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে পলাতক রয়েছে।
দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. কলম মোল্লা ওরফে মো. কলম মোল্লা দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের মৃত ছাগরত আলী মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৫ ডিসেম্বর সকালে দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধূ তিন সন্তানের জননী পারুল খাতুনকে (২৮) তার নিজ বাড়ির সামনে রাস্তার ওপর জ্বালানির খড় শুকাতে দেওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী আসামি কলম মোল্লা ধারালো হাঁসুয়া দিয়ে জখম করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই গৃহবধূ পারুল খাতুনের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা হাবিল শেখ বাদী হয়ে দৌলতপুর থানায় কলম মোল্লা ও তার স্ত্রী লিপি খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ১৫ ডিসেম্বর ২০১৪ তারিখে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, দৌলতপুর থানার প্রতিবেশী গৃহবধূ পারুল হত্যা মামলার আসামি কলম মোল্লা ঘটনার পর থেকেই পলাতক থেকে বিচার কার্যক্রমের মুখোমুখি হননি। সেই সঙ্গে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২ ধারায় মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া আসামি লিপি খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ার তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।