প্রভাষকের ল্যাপটপ ছিনতাইয়ে জড়িত সন্দেহে গ্রেফতার ৩, স্বীকারোক্তি দুজনের

সিলেটে ল্যাপটপ ছিনতাইয়ের সন্দেহে গ্রেফতার তিন

সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক প্রভাষকের ছিনতাই হয়ে যাওয়া ল্যাপটপ ও ১টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৩জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে গ্রেফতার  হওয়া ছিনতাইকারী শুভ আহমদ আরিয়ান ও রাজু মিয়া সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে আদালত গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে মোগলাবাজার থানাধীন সিলাম মাঝপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে শুভ আহমদ আরিয়ান (২৩), সুনামগঞ্জ জেলার সদর থানার নতুনপাড়া এলাকার রাজেন্দ্র দাসের ছেলে জনি দাস (২০) ও  সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন চেচনী এলাকার আলিফ মিয়ার ছেলে রাজু মিয়া (২৫)।

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি আক্তার হোসেন। তিনি জানান, পুলিশ অভিযান চালিয়ে ওই প্রভাষককে ছুরিকাঘাত ও মালামাল ছিনতাইয়ের ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে পুলিশ ছিনতাইকৃত ল্যাপটপ ও ১টি মোবাইল উদ্ধার করেছে। আরও দুটি মোবাইল ছিনতাইকারীরা অন্যদের কাছে বিক্রি করে দিয়েছে। সেগুলা উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে প্রথমে পুলিশ ছিনতাইকারী শুভকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত নকিয়া মোবাইল উদ্ধার করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন কানিশাইল এলাকার ময়না মিয়ার কলোনি  থেকে তার সহযোগী জনি দাসকে গ্রেফতার করে। এসময় জনির কাছ থেকে প্রভাষকের এইচপি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। এরপর দক্ষিণ সুরমার কদমতলীর সাদ্দাম হোসেনের কলোনি থেকে তাদের সহযোগী রাজু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় প্রভাষক ফরহাদ হোসেন দক্ষিণ সুরমা থানায় মঙ্গলবার মামলা দায়ের করেন।  চাকরির সুবাধে তিনি বিমানবন্দর থানাধীন চৌকিদেখি এলাকার রংধনু ৮৮/২ নং বাসায় বসবাস করে আসছেন। জানা যায়, ঢাক থেকে মঙ্গলবার ভোরে সিলেট আসেন প্রভাষক ফরহাদ হোসেন। এসময় তিনি রিকশা যোগে বাসায় ফিরছিলেন। তাকে বহনকারী রিকশা শাহজালাল ব্রিজের ওপর আসামাত্রই ছিনতাইকারীরা তার পায়ে ছুরিকাঘাত করে ১টি ল্যাপটপ, ৩টি মোবাইল ফোন ও নগদ ৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।