যশোরের সাংবাদিক তৌহিদ জামানের ভাইয়ের মৃত্যু




সাংবাদিক তৌহিদ জামানের ভাই নজরুল ইসলামবাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের যশোর প্রতিনিধি, যশোর প্রেসক্লাবের দফতর সম্পাদক তৌহিদ জামানের ভাই নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে, পাঁচ ভাই ও এক বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ জুমা পুরাতন কসবা বিবি রোড জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহরের কারবালা গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বজনরা জানান, ভোর পাঁচটার দিকে নজরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর শুনে সাংবাদিক নেতারা ছাড়াও অনেকেই শহরের পুরাতন কসবায় তার বাড়িতে যান এবং জানাজা ও দাফন কাজে অংশ নেন।

যশোর প্রেসক্লাবের দফতর সম্পাদক তৌহিদ জামানের ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর। এক শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এছাড়া তৌহিদ জামানের ভাইয়ের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম খান দুলু ও সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনি।

এক পৃথক শোক বার্তায় যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ জয় ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান সাংবাদিক তৌহিদ জামানের ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।