সিনহা হত্যা মামলা: রিমান্ড শেষে ৩ সাক্ষী আদালতে

কক্সবাজারে মেজর (অব.) সিনহা হত্যা মামলাকক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তাদের হাজির করা হয়েছে।

আসামিরা হলেন–টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস। এর আগে গত ২০ আগস্ট প্রথম দফায় সাত দিন ও ২৫ আগস্ট দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সিনহা হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র‌্যাব টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট এই তিন সাক্ষীকে গ্রেফতার করেছিল।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সহকর্মী সিফাতকে আটক করে কারাগারে পাঠায়। পরে রিসোর্ট থেকে আরেক সহকর্মী শিপ্রাকে আটক করা হয়। দুজনই বর্তমানে জামিনে মুক্ত। ওই ঘটনায় হওয়া মামলায় টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপসহ অন্য পুলিশ সদস্যরা এবং পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে প্রথমে কক্সবাজার জেলা কারাগারে ও পরে আদালতের সাত দিনের রিমান্ড আদেশের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ শেষ করেছে র‌্যাব। পরে প্রত্যেকের বিরুদ্ধে আদালতের মাধ্যমে দ্বিতীয়বারের মতো চার দিন করে রিমান্ডে নেওয়া হয়। সর্বশেষ ১২ আগস্ট পুলিশের দায়ের করা মামলার এই তিন সাক্ষীকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহর আদালত।