মানিকগঞ্জের হরিরামপুরে দুই ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন এই অভিযান পরিচালনা করেন।
বিল্লাল হোসেন জানান, উপজেলার বলড়া ইউনিয়নের নয়ারহাট বাজারে লাইসেন্স ব্যতীত ওষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে লোকনাথ মেডিক্যাল হলের মালিক শীতল চন্দ্র দাসকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ন্যাশনাল মেডিক্যাল হলের মালিক আব্দুস সালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, মাস্ক না ব্যবহার করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় প্রান্ত মেডিক্যাল হলের মালিক রফিকুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরির অপরাধে কান্ঠাপাড়া বাজারে হরিপদ ফার্নিচারকে দুশ' টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেছে হরিরামপুর থানা পুলিশ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।