জমি নিয়ে বিরোধ, যুবক খুন

সিলেট

সিলেট শহরতলীর ছালেহপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় তানভির আহমদ (২০) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি ওই গ্রামের শফিক মিয়ার ছেলে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে ওইদিন বিকালে পূর্ব বিরোধের জেরে একই গ্রামের আব্দুল গণির ছেলেরা তাদের বাড়ির সামনে তানভিরের ওপর হামলা চালায়। এসময় তারা তানভিরের মাথায় ও ঘাড়ে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি এসএম শাহাদৎ হোসেন জানান, জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তানভির নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তানভিরের লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহতের পিতা শফিক মিয়া বলেন, জায়গা সংক্রান্ত বিরোধ চলছে আব্দুল গণির পরিবারের সঙ্গে। আগেও গণি মিয়ার ছেলে তোয়াহিদ, ভাতিজা পাপ্পু আমার ওপর হামলা চালায়। বিষয়টি মীমাংসা হলে তারা আমার ছেলেকে একাধিকবার আক্রমণ করা চেষ্টা করে। বুধবার বিকালে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাওয়ার পথে গণি মিয়ার ছেলে ও ভাতিজা তাদের নয়া বাড়ির সামনে হামলা চালায়। আমার ছেলের মাথায় ও ঘাড়ে ৭-৮টি ছুরিকাঘাত করা হয়েছে। মাথার আঘাতটি গুরুতর হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।