কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুট পরিহারের পরামর্শ

Madaripur 03-09-20 (Ferry Ghat) (2)

নাব্য সংকট ও তীব্র স্রোতের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এই রুট পরিহার করে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাট ব্যবহারের পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, শনিবার থেকে এই নৌরুটে নাব্য সংকটের কারণে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া দিনে ছোট ৩ থেকে ৪টি ফেরি চলাচল করে। আজ বৃহস্পতিবার সকালে নাব্য সংকটের কারণে দুটি মাঝারি ফেরি চ্যানেল অতিক্রম করতে না পারলে পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

কাঁঠালবাড়ী ঘাটের (বিআইডব্লিউটিসির) ব্যবস্থাপক আব্দুল আলীম মিয়া জানান, তীব্র স্রোতে ও নাব্য সংকটের কারণে সকাল সাড়ে ৭টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল ৬টার দিকে কলমিলতা ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে গিয়েছিল, এরপর পথিমধ্যে চ্যানেলের নাব্য সংকটের কারণে আবার ঘাটে ফিরে আসে। এছাড়া শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে আসা কিশোরী ফেরিটিও পদ্মার চরে আটকে গিয়েছিল। কয়েকঘণ্টা আটকে থাকার পর সেটিও শিমুলিয়া ঘাটে ফিরে আসে। বর্তমানে কাঁঠালবাড়ী ঘাটে প্রায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। ফলে ঘাট কর্তৃপক্ষ বিকল্প রুট হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহার করার পরামর্শ দেন।