চাঁপাইনবাবগঞ্জে ১৩ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের দারিয়াপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কেতাউর রহমান, ইউসুফ, ফিরোজ এবং মেহেদী হাসান। তাদের সবার বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলায়।
র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে- কুমিল্লা থেকে সানি জনি পরিবহন, ভাই ভাই স্পেশাল পরিবহন এবং এসআর ট্রাভেলস পরিবহনে করে কতিপয় ব্যক্তি গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী র্যাবের একটি আভিযানিক দল তাদের হাতেনাতে গ্রেফতারের জন্য চাঁপাইনবাবগঞ্জের দারিয়াপুর এলকায় চেকপোস্ট পরিচালনা করে ওই তিন গাড়ি তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ১৩ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার ও তাদের হাতেনাতে গ্রেফতার করে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এই ঘটনায় সদর মপেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।