সোমবার (৭ সেপ্টেম্বর) ট্রাকের বুকিং কাউন্টারে গিয়ে দেখা গেছে, রবিবারে (৬ সেপ্টেম্বর) আসা ট্রাকগুলো এখনও পার হতে পারেনি। দুপুরে ট্রাক টার্মিনালে আড়াইশ’ ও ঘাটের কাছে মহাসড়কে উথলী সংযোগ সড়কে আরও প্রায় আড়াইশ’র বেশি পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আটকে থাকতে দেখা গেছে। তবে, যাত্রীবাহী গাড়ির চাপ স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের এজিএম (বাণিজ্য) তানভীর হোসেন জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকা আর নদী পথে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পাটুরিয়া ঘাটে পণ্যবাহী অনেক ট্রাক আটকে পড়েছে। এ সংখ্যা দুইশ’র কম হবে না বলে জানান তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের মেরিন বিভাগ সূত্রে জানা গেছে, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকার পাশাপাশি ‘পাটুরিয়া-দৌলতদিয়া’ নৌপথেও নাব্য সংকট দেখা দেওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
গত ৩০ আগস্ট থেকে ফেরিগুলো বিকল্প পথে চলাচল করছে। এতে সময় কিছুটা বেশি লাগছে। তবে, মূল চ্যানেলের নাব্য সংকট ফিরিয়ে আনতে সেখানে ড্রেজিং চলছে। আগামী দুই থেকে এক দিনের মধ্যে চ্যানেল দিয়ে ফেরি চলাচল করতে পারবে। এই পথে ১৭টি ফেরি চালু রয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের নাব্যতা ফিরে আসলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের এজিএম (বাণিজ্য) তানভীর হোসেন।