আমদানির কাঁচামরিচের কেজি এখন ১০০ টাকার নিচে

 হিলি স্থলবন্দর দিয়ে ঢুকছে কাঁচামরিচের ট্রাক
বেশ কয়েকদিন দাম বাড়ার পর কমতে থাকা আমদানির কাঁচা মরিচের দাম গত ২৪ ঘণ্টায় আরও কমেছে। এ চিত্র দিনাজপুরের হিলি স্থলবন্দরের। এখানে রবিবারের (৬ সেপ্টেম্বর) আমদানি দর অনুযায়ী করা কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা। একদিন আগে শনিবার বন্দরে আমদানি করা কাঁচামরিচ বিক্রি হয়েছে ১২৫ থেকে ১৩০ টাকায়। গতকাল রবিবার তা কমে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আজ সোমবার(৭ সেপ্টেম্বর) বন্দর দিয়ে এখনও ট্রাক ঢুকছে। সন্ধ্যা ৭টার পর নতুন দর জানা যাবে।

আমদানির কাঁচামরিচ

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বীণা বাংলা ট্রিবিউনকে বলেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশে কাঁচামরিচের ক্ষেত নষ্ট হওয়ায় উৎপাদন ব্যাহত হয়। যার কারণে বাজারে কাঁচামরিচের সরবরাহ কমায় দাম অনেকটা বেড়ে যায়। এমন অবস্থায় দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। দেশের বাজারে বাড়তি দাম ও চাহিদা ভালো থাকায় মরিচের আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। রবিবার বন্দর দিয়ে একদিনেই ৩৫ ট্রাকে (মিনি পিকআপ ও বড়) ২৫০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। একইভাবে দেশের অন্যান্য বন্দরগুলো দিয়েও ভারত থেকে কাঁচামরিচ আমদানি হচ্ছে। এতে করে দেশের বাজারে পণ্যটির চাহিদা অনুযায়ী সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।