মৃতরা হলেন সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে সিদ্দিক হোসেন (৩৫), তার ছেলে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সিয়াম হোসেন (১০) এবং দিগদাইড় ইউনিয়নের কাতলাহার গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে কলেজ ভর্তিচ্ছু সুমন চন্দ্র রায় (১৭)।
পুলিশ ও স্বজনরা জানান, সোনাতলা উপজেলার কাতলাহার গ্রামের সুমন চন্দ্র রায় এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পায়। সে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় সুমন তার চাচাতো ভাই একই গ্রামের যতু চন্দ্র রায়ের ছেলে সন্তোষ চন্দ্র রায়ের (৪০) সঙ্গে গ্রামের বুড়ারদহ খালে সেতুর নিচে মাছ ধরছিল। তখন হঠাৎ বজ্রাঘাতে সুমন মারা যায় এবং সন্তোষ আহত হন। সন্তোষকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ইন্সপেক্টর জাহিদ হোসেন জানান, মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামে মাছ ধরার সময় বজ্রাঘাতে মারা যান সিদ্দিক হোসেন ও তার ছেলে সিয়াম হোসেন। বজ্রাঘাতে মারা যাওয়া তিন জনের মরদেহ দাফন ও সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।