‘মসজিদে বিস্ফোরণে সরকার ও প্রশাসনের উদাসীনতা এবং গাফিলতি দায়ী’

বিএনপির প্রতিনিধি দলনারায়ণগঞ্জের ফুতুল্লার তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার স্থান পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের নেতৃত্বে একটি টিম সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন ও নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, সরকার ও প্রশাসনের উদাসীনতা এবং গাফিলতির কারণেই মসজিদের ভেতর এত বড় দুর্ঘটনা ঘটেছে। এর দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। এই সরকারের কোনও জবাবদিহতা নেই। সরকারের চরম অব্যবস্থাপনার জন্যই ৩৭ জন মানুষকে অগ্নিদ্বগ্ধ হতে হয়েছে। এরই মধ্যে ২৭ জন প্রাণ হারিয়েছে।

এসময় উপস্থিত বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, যাদের গাফিলতির কারণে এত মানুষের প্রান গেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের কাঠগরায় দাঁড় করাতে হবে। তদন্তের নামে কালক্ষেপণ না করে দ্রুত প্রকৃত কারণ চিহ্নিত করে দোষীদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি।

তিনি নিহতদের পরিবারকে ৫০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপির প্রতিনিধি দলএসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, রুপগঞ্জে তারাবো পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খোরশেদ প্রমুখ।

এর আগে, বিএনপির নেতারা নিহতদের বাড়িতে বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে দেখা করেন এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন। যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসার জন্যও সহায়তা দেওয়া হয়।