সাতক্ষীরায় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৪ টাকা

 


ট্রাকে করে আসছে পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি স্বাভাবিক থাকলেও একদিনের ব্যবধানে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৪ টাকা করে বেড়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) যে পেঁয়াজ ৩৪-৩৫ টাকা দরে বিক্রি হয়েছে, সোমবার (৭ সেপ্টেম্বর) তা ৩৮-৩৯ টাকা (ঢাকা-চট্টগ্রাম-ফেনী ট্রাক লোডিং) দরে বিক্রি হচ্ছে। তবে খুচরা বিক্রেতারা জানিয়েছেন কেজিতে কমেছে ২ টাকা।
সাতক্ষীরা ভোমরা কাস্টমস সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোমরা স্থলবন্দর দিয়ে রবিবার (৬ সেপ্টেম্বর) ৮৫ ট্রাকে ১ হাজার ৮৭০ মেট্রিক টন এবং সোমবার (৭ সেপ্টেম্বর) ৭৮ ট্রাকে ১ হাজার ৮৯৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
সাতক্ষীরা বড়বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা জহরুল ইসলাম বলেন, দুই দিনে পেঁয়াজের দাম গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি কিছুটা কমেছে। গত সপ্তাহে ভোমরা স্থলবন্দর থেকে ৩৮-৩৯ টাকা পেঁয়াজ কিনেছি। কিন্তু রবিবার এবং সোমবার সেই পেঁয়াজ ৩৫ টাকায় কিনেছি।
ভোমরা স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী মেসার্স কালাম ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী খোরশেদ আলী বলেন, ভোমরা পাইকারী বাজারে গতকাল (রবিবার) ৬ সেপ্টেম্বর ৩৪-৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আজ সোমবার এলসির পেঁয়াজ গাড়ি লোডিং রেট (ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও সিলেট) ৩৮-৩৯ টাকা মার্কেট যাচ্ছে।
তিনি আরও বলেন, ভারতীয় পেঁয়াজের চাহদিা সে দেশের অভ্যন্তরে বৃদ্ধি পেয়েছে এবং মুম্বাই পোর্ট থেকে বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। সে কারণে সেখানে পেঁয়াজের দাম বেড়েছে। তার প্রভাব আমাদের দেশের ওপরও পড়েছে।