এবার পেঁয়াজের খুচরা বাজারে অভিযান, ৯ ব্যবসায়ীকে জরিমানা

পেঁয়াজের দাম বাড়ায় চট্টগ্রামের খুচরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে এবার নগরীর একাধিক কাঁচাবাজারে অভিযান চালিয়ে ৯টি মুদি দোকানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, অভিযানে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৯টি মুদি দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিন নগরীর আগ্রাবাদের চৌমুহনী কাঁচাবাজার অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার। অন্যদিকে, দুই নম্বর গেইটের কর্ণফুলী মার্কেটে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

চট্টগ্রামের খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়ায় অভিযান।

অভিযানে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় কর্ণফুলী মার্কেটের খাজা স্টোরকে ২ হাজার টাকা, নিউ বিসমিল্লাহ স্টোরকে ২ হাজার টাকা, কাশেম স্টোরকে ২ হাজার টাকা, হাজী স্টোরকে এক হাজার টাকা ও চৌমুহনী মার্কেটের নুরে মদীনা স্টোরকে ২ হাজার টাকা, সাগর স্টোরকে ২ হাজার টাকা, মিলন স্টোরকে এক হাজার টাকা, আরিফুল স্টোরকে এক হাজার টাকা, আলাউদ্দিন স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, অভিযানে গিয়ে আমরা দেখি অনেক দোকানে মূল্য তালিকা নেই। তারা নিজেদের মতো করে দাম নিচ্ছেন। কিছু দোকানে থাকলেও তারা দাম বেশি লিখেছেন। পরে ম্যাজিস্ট্রেট দেখে অনেক দোকানদার সাঁটানো মূল্য তালিকায় দাম কমিয়ে ঘষামাঁজা করে লিখেন। আবার অনেকে আগে কম দামে কেনা পেঁয়াজ দাম বেড়ে যাওয়ায় বেশি দামে বিক্রি করছেন। এসব অভিযোগে ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের মূল্য যাতে না বাড়ে সেক্ষেত্রে আমাদের বাজার মনিটরিং অব্যাহত আছে। যদি আগের মতো কারসাজি করে পেঁয়াজের দাম বৃদ্ধির পাঁয়তারা করে তাহলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে কারা জড়িত তার খোঁজ খবর নিয়ে তালিকা তৈরি করা হচ্ছে।