নরসিংদীতে সংঘবদ্ধ আন্তঃজেলা গাড়ি ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী ইউনিট। এসময় ছিনতাইকৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধারসহ জব্দ করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা। সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ঢাকার সবুজবাগ থানার রামপুরা/২১৮ দক্ষিণ বাসাবো এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. শাওন পারভেজ (৩৫) ও জামালপুর জেলার ইসলামপুর থানার মালমারা গ্রামের মৃত ফুলু মিয়ার ছেলে, বর্তমানে ঢাকার মুগদা থানার মানিকনগর এলাকার সিএনজি চালক মো. লেবু (৪০)।
পিবিআই নরসিংদীর পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নরসিংদীর পাঁচদোনা এলাকার ব্যাটারিচালিত অটোরিকশাচালক আ. বাছেদ সকালে তার অটোরিকশাটি নিয়ে নরসিংদী শহরের পুরাতন বাসস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। সকাল প্রায় ৮টার দিকে একজন যাত্রী এসে রেলওয়ে স্টেশন যাবে বলে তার অটোরিকশায় ওঠে। তবে সেখানে না নেমে পর্যায়ক্রমে শাপলা চত্বর ও সেখান থেকে সাহেপ্রতাব নিয়ে যাওয়ার কথা বলে চালককে। সাহেপ্রতাব বাসস্ট্যান্ড যাওয়ার আগে পিবিআই কার্যালয়ের রাস্তায় ঢুকে পরিপাটি পোশাক পরিহিত ওই যাত্রী তার স্যার অটোরিকশায় যাবেন বলে নেমে পড়ে। এসময় নতুন একজন লোক গাড়িতে উঠে ভাড়া কত জিজ্ঞেস করে এক হাজার টাকার নোট দিলে খুচরা না থাকায় টাকা ভাংতি করে দেওয়ার কথা বলে চালককে সামনে যেতে বলে। এসময় যাত্রীবেশি ওই ছিনতাইকারীর ফোনে পরিকল্পিতভাবে একটি ভুয়া মৃত্যু সংবাদ জানিয়ে তাদের দলের একজন কল করেন। কৌশলে লাউড স্পিকারে ফোনে অপরজনের কথা চালককে শোনানো হয়। যাত্রী বিমর্ষ হওয়ার ভান করে এবং একজন লোককে তার গাড়িতে ওঠানোর জন্য ডেকে আনতে চালককে অনুরোধ করে। চালক অটোরিকশা থেকে নামা মাত্র তার অটোরিক্সাটির তার কেটে চালু করে পিবিআই কার্যালয়ের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছিল যাত্রীবেশি ওই ছিনতাইকারী। এসময় চালকসহ স্থানীয়রা চিৎকার করে পিছু ধাওয়া করলে পিবিআই নরসিংদীর সদস্যরা হাতেনাতে ছিনতাইকারী মো. শাওন পারভেজকে আটক করে। পরে তার সহযোগী ছিনতাইকারী সিএনজি অটোরিকশা চালক মো. লেবুকে আটক ও সিএনজিটি জব্দ করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাই কাজে জড়িত থাকার কথা স্বীকার করাসহ অন্যান্য সদস্যদের নাম প্রকাশ করেছে। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সংঘবদ্ধ সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে।