কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সিদ্দিকুর রহমান (৬২) নামে একজন সাবেক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরনোয়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হত্যায় জড়িতদের ধরতে অভিযান চালানো হবে।
ওসি আরও জানান, সিদ্দিকুর রহমান চরনোয়াকান্দি গ্রামের বাসিন্দা ও জালালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।
উপজেলার চরনোয়াকান্দি গ্রামের দোকানে আড্ডা দিয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলেন সিদ্দিকুর রহমান। এসময় পূর্ব শত্রুতার জের ধরে পথে একই এলাকার আবুল কালাম পণ্ডিত ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে সিদ্দিকুরকে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন সিদ্দিকুরকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।