নিহতরা হলেন সোনাতলা উপজেলার মধ্য দীঘলকান্দি গ্রামের মকবুল প্রামাণিকের ছেলে জাইদুল ইসলাম (৩৫) ও তার চাচাতো ভাই বাবু মিয়ার ছেলে জিয়ারুল ইসলাম (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, জাইদুল ইসলামের কিয়াছের মোড় বাজারে ভ্যারাইটি মালের ব্যবসা রয়েছে। পাশাপাশি তিনি পাওয়ার টিলার দিয়ে জমি চাষের ব্যবসা করেন। এ ব্যবসায় অনেক টাকা বকেয়া রয়েছে। টাকা আদায়ে তিনি বৃহস্পতিবার বিকালে দোকানে হালখাতার আয়োজন করেন। দোকানে বাঁশের সঙ্গে মাইক গান বাজানো হচ্ছিলো।
বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ মাইকে ত্রুটি দেখা দেয়। তখন বাঁশে উঠে মাইক মেরামতের চেষ্টা করেন। বাঁশটি হেলে পাশে ৩৩ হাজার কেভির বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই জিয়ারুল ইসলাম মারা যান। বাঁশ ধরে থাকা ব্যবসায়ী জাইদুল ইসলাম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে গাবতলী উপজেলা এলাকায় তিনি মারা যান। বিদ্যুৎস্পৃষ্ট দুই চাচাতো ভাইয়ের মৃত্যুতে শুধু তাদের পরিবারে নয়; পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল বিদ্যুৎস্পৃষ্ট দুই ভাইয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। সোনাতলা থানার এসআই সোহেল জানান, কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।