মসজিদের সামনে মুনমুনের নাচ, আয়োজকদের তওবা

মুনমুন১টাঙ্গাইলের সখীপুরে মসজিদের সামনে চলচ্চিত্র নায়িকা মুনমুনের নাচের আয়োজনকারী ব্যক্তিরা তওবা পড়ে ক্ষমা চেয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ওই মসজিদের সামনে স্থানীয়দের উপস্থিতিতে তওবা পড়ে ক্ষমা চান তারা। তওবা শেষে আয়োজকরা মসজিদটি সংস্কারে সহযোগিতার আশ্বাস দেন।

এ বিষয়ে আল মদিনা সমবায় সমিতির সাবেক সভাপতি ও উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. স্বপন বলেন, ‘ওই সময় মসজিদ ঘরটি আমাদের নজরে আসেনি। মসজিদ ঘর দেখলে আমরা এমন কাজ করতাম না। আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাইছি।’

এ সময় মসজিদটি সংস্কারে সহযোগিতার ঘোষণা দেন তিনি।

উপজেলা কওমি ওলামা পরিষদ সভাপতি মাওলানা সাইফুল্লাহ বেলালী বলেন, ‘আয়োজক কমিটি ভুল স্বীকার করে তওবা পড়েছে। এ ঘটনায় এখন আমাদের আর কোনও অভিযোগ নেই। মহান আল্লাহপাক আয়োজকদের তওবা কবুল করুন।’

মুনমুন২এ সময় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, এনায়েত করিম পীর, পলাশতলী কলেজের অধ্যক্ষ আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত আল মদিনা সমবায় সমিতি চিত্রনায়িকা মুনমুনকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার পলাশতলীতে নৌকা ভ্রমণের আমন্ত্রণ করে নিয়ে যায়। ভ্রমণ শেষে স্থানীয় বাজারে একটি মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে নায়িকা মুনমুনের নাচের আয়োজন করা হয়। পরে সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে মুসল্লিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।