গাজীপুরের কালিয়াকৈরে গরু চরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুক্কুরজান (৫৫) নামে এক বৃদ্ধা ও একটি গরু মারা গেছে। শুক্কুরজান আশুলিয়া থানার বাইদ গা এলাকার দুরজুন আলীর মেয়ে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার চাতৈল (বিটি) গ্রামে এই ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম নিহতের এই তথ্য নিশ্চিত করেছেন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, প্রায় দুই বছর আগে উপজেলার চাতৈল (বিটি) গ্রামের স্থানীয় লোকমান হোসেন মাটির ওপর দিয়ে তার বাড়ি থেকে পাশের পোল্ট্রি খামারে বিদ্যুতের সংযোগ দেন। শুক্রবার দুপুরে শুক্কুরজান গরুকে ঘাস খাওয়াতে গেলে সে গরুসহ বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুসহ তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, বসত বাড়ি থেকে ওই পোল্ট্রি খামারে অরক্ষিত অবস্থায় বিদ্যুতের লাইন সংযোগ দেওয়া হয়েছিল।