শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে সীমিত আকারে ফেরি চালু

ফেরিনাব্য সংকটসহ নানা সমস্যার মধ্যে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে সীমিত আকারে ফেরি চালু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নানা সমস্যা পেরিয়ে ফেরি চলাচল শুরু হয়। অন্যদিকে ভাঙনের হুমকিতে পড়েছে ঘাট।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহম্মেদ জানান, শনিবার সকালে কাঁঠালবাড়ী ঘাট থেকে ফেরি ক্যামেলিয়া ও কাকলী শিমুলিয়া ঘাটে পৌঁছায়। তবে শিমুলিয়া ঘাট থেকে শনিবার সকালে ছেড়ে যাওয়া ফেরি কুমিল্লা ও ফেরি কিশোরী নদী পার হতে না পেরে আবার শিমুলিয়া ঘাটে ফেরত আসে। তাই কিছু সময় ফেরি চলাচল বন্ধ রেখে ড্রেজিং করে চ্যানেলের মুখ খোলা হয়। পরে সকাল ১০টার দিকে আবার ফেরি চালু করা হয়। তবে হালকা ও মাঝারি ধরনের ফেরি সীমিত আকারে চলছে।ভাঙনের ঝুঁকিতে শিমুলিয়া ফেরিঘাট

তিনি আরও জানান, এদিকে গতকাল রাতে ৩ নম্বর ফেরি ঘাটের পাশে কিছু এলাকা ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যার কারণে ৩ নম্বর ফেরি ঘাট ভাঙনের হুমকির মুখে পড়েছে। এখন ঘাটে প্রায় ২০০টি যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।

প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত শিমুলিয়া ঘাটে নাব্য সংকটে আট দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় যাত্রী সাধারণ ও চালকদের।