অটোরিকশার চাপায় মোটরসাইকেল আরোহীর প্রাণ গেলো

B.baria

ব্রাহ্মণবাড়িয়া সিএনজি চালিত অটোরিকশার চাপায় মাহি খান (২১) নামের এক মোটরসাইকেল রাইডার গ্রুপের সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাহি সিলেট এমসি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ও জালালাবাদ এলাকার এনায়েতউল্লাহ খানের ছেলে। এই ঘটনায় মাহির সঙ্গে থাকা এমদাদুর রহমান (২৩) নামের আরও এক আরোহী আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের কত্যর্বরত চিকিৎসক ডা. সৈয়দ আরিফুল ইসলাম বলেন, 'হাসপাতালের নিয়ে আসার আগেই সে মারা গেছে। তার হাতে মাথায় ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে।'

নিহত মাহির সঙ্গে থাকা রাইডার গ্রুপের অপর সদস্যরা জানায়, মাহীসহ রাইডার গ্রুপের ৮ জন সদস্য মোটরসাইকেলে করে গত ১০ সেপ্টেম্বর কক্সবাজারে যান। মঙ্গলবার কক্সবাজার থেকে ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার গজারিয়ায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা মাহীর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। তার পেছনের সিটে থাকা অপর আরোহী এমদাদুর রহমান আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কত্যর্বরত চিকিৎসক মাহিকে মৃত ঘোষণা করেন।