রাজশাহীর মোহনপুর উপজেলায় ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধুরইল ছোটবিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আজিম উদ্দিন (৪৮)। আজিম উদ্দিনকে বাঁচাতে গিয়ে তার প্রতিবেশী আব্দুস সাত্তার (৪৬) আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আজিম উদ্দিন দুটি বিয়ে করেছেন। দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রী বেবী বেগম (৪০) তার দুই ছেলে রাকিবুল ইসলাম (২৪) ও হাসিবুল ইসলামকে (২০) নিয়ে আলাদা বসবাস করতেন। আর দ্বিতীয় স্ত্রী বিলকিস বেগমকে নিয়ে থাকতেন আজিম উদ্দিন। সোমবার সকালে প্রথম স্ত্রী বেবী ও তার দুই ছেলে বাবার পানের বরজ দখলে নিয়ে কাজ শুরু করেন। খবর পেয়ে আজিম উদ্দিন সেখানে গিয়ে স্ত্রী ও ছেলেদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ছেলে হাসিবুল ধারালো অস্ত্র দিয়ে বাবা আজিম উদ্দিনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আজিম উদ্দিন মারা যান।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আজিম উদ্দিনের প্রথম স্ত্রী ও দুই ছেলেসহ অন্য আসামিরা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় পাঁচ জনকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে।