ছাত্রী অপহরণের অভিযোগে সাংবাদিক গ্রেফতার

বরগুনা

নবম শ্রেণি পড়ুয়া একজন স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে সময় টিভি বরগুনার নিজস্ব প্রতিবেদক মো. আবদুল আজিমকে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃত স্কুল ছাত্রী বরগুনা পৌর শহরের এক হিন্দু বস্ত্র ব্যবসায়ীর সন্তান।

মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, শনিবার (৩ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে মহিপুর থানা পুলিশ পর্যটন এলাকা কুয়াকাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।

সূত্র জানায়, বরগুনা পৌর শহরের হিন্দু ধর্মালম্বী এক বস্ত্র ব্যবসায়ীর নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগে ২ অক্টোবর রাতে বরগুনা সদর থানায় সময় টিভির সাংবাদিক আবদুল আজিমসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন ছাত্রীর বাবা। এই ঘটনায় বরগুনা থানা পুলিশ ও মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পর্যটন এলাকা কুয়াকাটা থেকে গ্রেফতার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, 'গ্রেফতার সাংবাদিক আজিমের বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করায় বিষয়টি বরগুনা পুলিশ আমাদের অবহিত করে। আমরা তাৎক্ষণিক অভিযান চালাই। এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।'

তিনি আরও বলেন, 'গ্রেফতারের পর বরগুনা সদর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।'

তবে আজিমের স্বজনরা জানায়, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।