আশুলিয়ায় ভাইস চেয়ারম্যানের বাড়িতে গুলিবর্ষণ

সাভার 
সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খানকে লক্ষ্য করে তার বাড়িতে গুলি করেছে সন্ত্রাসীরা । শনিবার (৩ অক্টোবর) রাতে আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকায় চেয়ারম্যানের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে । খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান আশুলিয়ার বাইপাইল এলাকায় প্রায় সাড়ে পাঁচ শতাংশ জমি ক্রয়ের পর বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন । তবে গত কয়েকদিন ধরে একই এলাকার এম এ মতিন দতার দুই সঙ্গী ইয়াছিন মিয়া ও বিপ্লবকে নিয়ে বাড়িটি দখলের পাঁয়তারা করে আসছে । এরই সূত্র ধরে শনিবার সন্ধ্যায় মতিন তার লোকজন নিয়ে ভাইস চেয়ারম্যানের বাড়িতে প্রবেশ করে ভাড়াটিয়াদের ভয় ভীতি দেখিয়ে চলে যেতে বলে । খবর পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ঘটনাস্থলে গেলে মতিন তার লোকজন নিয়ে চলে যায় । এসময় শাহাদাৎ হোসেন বাড়ির সামনে দাঁড়িয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলতে শুরু করলে তাকে লক্ষ্য করে মতিন কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। তবে সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান বেঁচে গেলেও গুলি এসে তার বাড়িতে লাগে।

খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে । তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।

ঘটনার ভুক্তভোগী সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান বলেন, এম এ মতিন এলাকার চিহ্নিত ভূমিদস্যু । সে বেশ কিছুদিন যাবৎ তার বাড়ি দখলের পাঁয়তারা করে আসছে । তিনি নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন । এসময় মতিন তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) জিয়াউল ইসলাম বলেন, গুলি ছোঁড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।