ভাণ্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পিরোজপুর 
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবু (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ভিটাবাড়িয়া ইউনিয়নের সাতঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায়  মাসুদ(১৮) ,নয়ন (২৪), দেলোয়ার (২৮) ও মোতালেব(৩০) নামের আরও চার শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মাসুদ ভাণ্ডারিয়া উপজেলা হাসপাতালে ভর্তি আছে এবং বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া বাবু ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আশিম গ্রামের মুনছুর আলির ছেলে। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ভিটাবাড়িয়া ইউনিয়নের সাতঘর নামক এলাকার জামিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানে একটি ব্রিজের পাইলিংয়ের জন্য পিলার বসানোর সময় সেখানে থাকা ৪৪০ কেভি ভোল্টের একটি বিদ্যুৎলাইনের তারে নির্মাণ স্পৃষ্ট হয়ে আহত হয় পাঁচজন নির্মাণ শ্রমিক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. ফয়সাল আহম্মেদ দুপুর আনুমানিক সোয়া একটার দিকে বাবুকে মৃত ঘোষণা করে। আহত অন্যদের  বাড়িও একই এলাকায়।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানার উপ-পরিদর্শক ফারুককে পাঠানো হয়েছে।