অবৈধ বালু মহালে অভিযান, ইউএনও’র গাড়ি ভাঙচুর




বগুড়াবগুড়ার শেরপুরে বাঙালি নদীর অবৈধ বালু মহালে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ। অসাধু ব্যবসায়ী ও তাদের লোকজনের হামলায় ইউএনও’র গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলি নলডাঙ্গি গ্রামে এ হামলার ঘটনায় দুই জন আহত হয়েছেন। পুলিশ ঘটনার পরপরই অভিযান চালিয়ে ছয় জনকে আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে শনিবার শেরুয়া বটতলাসহ বিভিন্ন এলাকার বাজার মনিটরিং কার্যক্রম চলছিলো। তখন উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলি নবীনগর ও নলডাঙ্গি এলাকায় বাঙালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর আসে। পরবর্তীতে সেখানে অভিযান চালানো হয়। কাউকে না পাওয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামগুলো ভেঙে ফেলা হচ্ছিলো। এসময় বালু উত্তোলনকারীদের ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালায়। তারা ইউএনও’র গাড়ি ভাঙচুর করে। এসময় অভিযানে থাকা সহকারী কমিশনার (ভূমি) অফিসের অফিস সহকারী উজ্জ্বল মোহন্ত ও নৈশ প্রহরী মঞ্জুরুল হক আহত হন। পরে তাদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, থানা থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। হামলায় জড়িত সন্ত্রাসীদের মধ্যে ছয় জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।