স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার




স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবকস্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে আশিকুর রহমান নয়ন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। সোমবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান।

গ্রেফতার নয়ন আনোয়ারা উপজেলার মধ্যম গহিরা গ্রামের মো. ফোরকান মিয়ার ছেলে।

র‌্যাব কর্মকর্তা মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৮ জুলাই নয়ন ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায়। এরপর ওই ছাত্রীকে নানা ভয়ভীতি দেখিয়ে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী এলাকার একটি কক্ষে টানা এক মাস আটকে রেখে ধর্ষণ করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সম্প্রতি ওই ছাত্রীর মা র‌্যাব কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে আনোয়ারা উপজেলার মধ্যম গহিরার বাইঘ্যারঘাট এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নয়নকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, নয়ন মেয়েটিকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করত। তার যন্ত্রণায় অতিষ্ট হয়ে মেয়েটির পরিবার তার স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু তারপরও নয়নের হাত থেকে তাকে রক্ষা করতে পারেনি। নয়ন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। গ্রেফতারের পর নয়ন মেয়েটিকে উত্যক্ত ও ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।