মাদারগঞ্জ থেকে ১১৭ বস্তা ভিজিএফের চাল উদ্ধার

উদ্ধার করা চাল

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার একটি গোডাউন থেকে অবৈধভাবে মজুত করে রাখা ১১৭ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে উপজেলার আদারভিটা বাজারের বুলবুল হোসেনের গোডাউন থেকে এসব চাল জব্দ করা করে র‌্যাব--১৪, সিপিসি-১। এসময় অবৈধভাবে চাল মজুতের অভিযোগে বুলবুল হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৪ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম সবুজ রানা বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে আদারভিটা বাজারে বুলবুল হোসেনের গোডাউনে অবৈধভাবে মজুত করা ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের পরিমাণ  ১১৭ বস্তায় মোট ৭ হাজার ২১০ কেজি। এ সময় একটি মোবাইল সেটও উদ্ধার করা হয়। ভিজিএফ এর চাল কালোবাজারির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত ও বিক্রয় করার অপরাধে গোডাউনের মালিক বুলবুল হোসেনকে গ্রেফতার করা হয়। বুলবুল হোসেন মাদারগঞ্জ উপজেলার নগর গ্রামের আবুল হোসেন বেপারীর ছেলে।

ভিজিএফ এর চাল অবৈধভাবে মজুতের দায়ে আটক বুলবুল

সহকারী পুলিশ সুপার এম. এম সবুজ রানা আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভিজিএফ এর চাল অবৈধ কালোবাজারি ও মজুত এর কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। কালোবাজারি ও অবৈধ মজুতের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।