মানিকগঞ্জে হরিরামপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি শেখ জামির হোসেন (৪৫)-কে বুধবার রাতে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামি জামির হোসেনের মা জয়গুন বেগম ও ভাই শেখ কামাল হোসেনকেও হরিরামপুর থেকে আটক করা হয়। আসামিদের বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে প্রধান আসামি জামির হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ধর্ষণের দায় স্বীকার করেছেন।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মুঈদ চৌধুরী জানান, গত ৩ অক্টোবর সকালে হরিরামপুর উপজেলার চরাঞ্চলের পাঁচ বছরের এক শিশুকে প্রতিবেশী জামির হোসেন ধর্ষণ করে। বর্তমানে ওই শিশুটি মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে বুধবার চার জনের নামে হরিরামপুর থানায় মামলা করেছেন। অভিযুক্তরা হচ্ছে- শেখ জামির হোসেন (৪৫), তার বাবা শেখ ছামিদ হোসেন, মা জয়গুন বেগম ও ভাই শেখ কামাল হোসেন। এদের মধ্যে প্রধান আসামি জামির হোসেন ছাড়া বাকি তিন জন ধর্ষণের পর শিশুটির পরিবারকে থানায় আসতে বাঁধা দেওয়া ও শিশুর চিকিৎসা বিলম্ব করায় আসামি হয়েছে।
প্রধান আসামিসহ তিন জনকে বৃহস্পতিবার মানিকগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক পারভেজ আহম্মেদ এর আদালতে উপস্থিত করা হয়। প্রধান আসামি জামির হোসেন আদালতের কাছে ১৬৪ ধারায় ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বিচারক প্রধান আসামিসহ বাকি দুজনকেও জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।