দুর্গাপূজার আগে বেতন বৃদ্ধিসহ বোনাস পরিশোধের দাবিতে কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সব চা-বাগানের শ্রমিকরা একযোগে শহরের চৌমুহনা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষিভ মিছিল করেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার সবগুলো চা-বাগানের শ্রমিকরা এই কর্মবিরতি পালন করে।
চা-শ্রমিকরা জানান, বর্তমানে ১০২ টাকা মজুরি দিয়ে তাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফলে সন্তানদের লেখাপড়ার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। দুর্গাপূজার আগে বেতন বৃদ্ধিসহ বোনাস পরিশোধ না করলে পূজা উদযাপন করা অসম্ভব। এসময় শ্রমিকরা তাদের মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি জানান।
কর্মবিরতি চলাকালে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, মালিক পক্ষের সঙ্গে বৈঠকে ৩০০ টাকা মজুরি দাবি করা হলে ১২০ টাকা দিতে রাজি হয়। তবে দীর্ঘ ২৩ মাস অতিক্রান্ত হওয়ার পরও ১০২ টাকা হারে মজুরি দেওয়া হচ্ছে।
কর্মসূচি শেষে মিছিল নিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.নজরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঠানোর জন্য স্মারকলিপি প্রদান করেন চা শ্রমিকরা।