ধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লা

কুমিল্লার হোমনায় এক নারীকে ধর্ষণের মামলায় রিপন সরকার নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতার রিপন সরকার বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, প্রায় তিন বছর আগে ওই নারীর সঙ্গে একটি পণ্যমেলায় বাঞ্ছারামপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে যুবলীগ নেতা রিপন সরকারের (৩৫) পরিচয় হয়। এরপর ২০১৭ সালের ৮ মে রাতে ওই নারীর ভাড়া বাসায় গিয়ে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের আশ্বাসে তাকে ধর্ষণ করে। এরপর থেকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছিল তারা। এদিকে রিপন সরকার আগে থেকে বিবাহিত এবং তার স্ত্রী-সন্তান রয়েছে এ বিষয়টি ওই নারী অবগত হওয়ার পর তাকে বিয়ের জন্য বলে। কিন্তু রিপন বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং ওই নারীর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এই ঘটনায় ওই নারী বাদী হয়ে রিপন সরকারকে আসামি করে মামলা দায়ের করেন।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, ধর্ষণ মামলার আসামি রিপন সরকারকে গ্রেফতার করা হয়েছে।