নারী নির্যাতন ও ধর্ষণের শাস্তির দাবিতে হিলিতে বিক্ষোভ

ধর্ষকদের শাস্তির দাবিতে দিনাজপুরের হিলিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলনোয়াখালীসহ সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে দিনাজপুরের হিলিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত তারুণ্য শক্তি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে হাকিমপুর প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হাকিমপুর ফাউন্ডেশন, উদ্দীপ্ত তরুণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, উপজেলা কৃষকলীগ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত এই কর্মসূচিতে যোগ দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি হিলির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যেন নারীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা বিবেচনা করে আজকের এই মর্ধযুগীয় বর্বরতা ধর্ষণ-নির্যাতন যেন বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করেন। ধর্ষকদের শুধু শাস্তি দিলেই হবে না, এর সঙ্গে পরিবার ও সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। নারীর প্রতি শ্রদ্ধাশীলতা বৃদ্ধি করতে হবে। পরিবার থেকেই ছেলেদের এই শিক্ষা দিতে হবে, কীভাবে নারীদের প্রতি ও মায়েদের কীভাবে সম্মান দিতে হবে। সাধারণ মানুষ সচেতন হলে ধর্ষকদের কোথাও ঠাঁই হবে না।’

মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ সংঘঠিত হচ্ছে। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ধর্ষণকরা কোনও দলের না, কোনও সংগঠনের না– তারা সম্পূর্ণ আলাদা একটি দল। সেটি হচ্ছে ধর্ষণকারী দল। তাদের সহযোগী যেই হোক না কেন সর্বোচ্চ শাস্তির আওতায় এনে  ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।’