নৌকাকে হারালো চশমা

চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম মওলা। (ভোট দেওয়ার সময়ের ছবি)

স্থানীয় সরকারের বিভিন্ন পদের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একচেটিয়া জয়-জয়কার হলেও ব্যতিক্রম ঘটেছে গাইবান্ধায়। জেলার সদর উপজেলার ৪ নম্বর সাহাপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে দিয়েছেন চশমা প্রতীক নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম মওলা। মাত্র ১৭৭ ভোটের ব্যবধানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রেকায়েতুল ইসলামকে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন  তিনি।

শনিবার (১০ অক্টোবর) রাত পৌনে ৮টায় দিকে এ ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল লতিফ। তিনি জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা ৩৬৯১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

৯টি কেন্দ্রের ফলাফলে গোলাম মওলা পেয়েছেন ৩ হাজার ৬৯১ ভোট। তার নিকটতম আ'লীগের প্রার্থী মো. রেকায়েতুল ইসলাম রিংকু পেয়েছেন ৩ হাজার ৫১৪।

এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। ৯টি ভোট কেন্দ্রে ৬০টি কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ২৯৭ জন। বিকাল ৫টা পর্যন্ত চলা ভোট গ্রহণে কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত বছরের ২১ নভেম্বর গাইবান্ধা সদর উপজেলার ৪ নম্বর সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলুর মৃত্যুতে এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি  শূন্য হয়।